ক বি তা
অসীম ভুঁইয়া
বৃক্ষ
ভুল ভাঙলে তারা খসে পড়ে
ভুল তো পরিশোধিত মন্ত্র-গাথা
যা বাড়তে থাকে আনুপাতিক হারে
কিন্তু মন ভাঙলে জেগে ওঠে
সুপ্ত আগ্নেয়গিরি
কারণ মন কেবল বিশ্বাসের মণিহার
যাকে ছুঁড়ে দিলে একবার
বৃক্ষ হয়ে ওঠে।
তৃষ্ণালিপি
একলাটি শুয়ে থাকে
রাতের সেতু
কী নীরব গাথা তার
পাখি এক জেগে জেগে
সংলাপ লেখে
চোখে তার স্বপ্ন চুরমার
বালি সব ধু-ধু মরুভূমি
মরীচিকায় তৃষ্ণার্ত পথিক
কী অপরূপ তৃষ্ণা-লিপি
নদীটি স্রোত ভুলে
নির্ঘুম চেয়ে আছে
ইনসেটে ভেসে ওঠে গঙ্গা-মিসিসিপি…