Hello Testing

ক বি তা

দেব মাইতি

deb_maity

সেফটিপিন

এটি একটি বর্ষাদিন বিদ্যুৎচমক বজ্রপাতের মুহূর্ত
এটি একটি ঢেউ উত্তাল হবার দিন মেঘলা কাদায়
এটি একটি লতাগুল্ম বৃক্ষ পল্লব শিকড় সিক্ত দিন
এটি একটি নোঙর ছেঁড়া নৌকার নিরুদ্দেশে দিন
যখন দিনও রাত্রির মতো হতে পারে বানানো আলো
বিচ্ছিন্ন হয়ে পড়ে শহর গ্রাম নগরে জানলা দরজা
ভ্যানিস হয়ে যায় ঘর বাড়ি রাস্তা ঘাট দোকান বাজার
থাকে শুধু মেঘলা বৃষ্টি ব্রজ বিদ্যুৎ মুহূর্তের পৃথিবী
তখন তোমাকে চুল্লীর আলোয় ফুটন্ত ভাতের মতো
আমি নেশা টেনে বসি আমার গায়ে ঘুঘু বনকলমী
সাপ বাইতে থাকে তাদের ছোবল তোমার দিকে ছোটে
আর তুমি ফ্যান গড়াতেই ভুলে যাও চুল্লীর জ্বালান আর

 

বিড়ি

এই চৌকো ঘেরাটোপে চতুর্ভূজ ত্রিভূজ বৃত্তের কেন্দ্রে
ফুটকি বা বিন্দু অথবা সংখ্যা শূন্যের দেদার বংশবৃদ্ধি
লিটার অথবা গ্যালন বাষ্পীয় বা কঠিন দৃশ্যত অদৃশ্যত
শ্রুত অশ্রুত মর্গ কিনবা ভাগার শ্মশান বা গোরস্থান
সাদা কালো নীল কিংবা সবুজ উল্টো সোজা বাঁকা
ধ্যাত তেরি ধ্যাততেরি ধ্যাত তেরি ভাই কী ভাই কী
উড়ন ঘূরন মৃত্যু দারুন! কেউ নিজের চিতা সাজায় কী
সবাই নিয়ে চলছে বেশ লাশ বডি শবদেহ বলো হরি
দুঃখ ভীষণ হয় যে কতজনার কত না শোকের ফিরিস্তি
মুখের কাছে মুখ এনে বলল না কেউ হাফটা চ’ দু-জন
টানি— বাঁচতে চেয়ে মরলি ভীষণ খা একটা বিড়ি

 

লকেট

বাচ্চার লেবু লজেন্সের মতো চুষতে চুষতে
পাতলা একটা
সূর্য ডুবে গেল
যেন একটা লকেট চলে গেল আড়ালে
গভীর উষ্ণ স্থানে

যেমন পাখির ওমে পাখির ডিম থাকে
ভালোবাসাও তাই ফুটে ওঠে
মানুষ কথা বলতে শেখে
যে কথা রাত অবধি জাগিয়ে রাখে
আমি দেখি প্রতিদিন আকাশে লকেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *