ফি চা র
অয়ন মুখোপাধ্যায়
একান্ন না চুয়ান্ন: সতীর দেহে লুকিয়ে থাকা শক্তিপীঠের আসল রহস্য
১৯৯২ সালে প্রকাশিত তোমাকে চাই অ্যালবামের ‘কখনও সময় আসে’ গানে কবীর সুমন জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব কষতে গিয়ে লিখেছিলেন, ‘হিসেব মেলানো ভার আয়-ব্যয় একাকার।’
ষোলো আনার জীবনে চোদ্দ আনা পাওয়া গেল। বাকি দু-আনা কোথায়? সুমন সেই হিসাব মেলাতে পারেন না। আঠারো শতকের কবি ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল খুললেও প্রায় একই বিপদ। তবে এখানে টাকার বদলে দেবীর শরীর। একান্নটি শক্তিপীঠের হিসাব দিতে গিয়ে কবি পৌঁছন বিয়াল্লিশটি পৃথক ঠিকানায়। বাকি ন’টি গেল কোথায়? দেবী সতীর শরীরের অঙ্গ কি গণনার সময় হারিয়ে গেল? নাকি কোনও এক সময় ধর্মের খাতায় এমন কিছু নাম ঢুকে পড়ল, যার হিসাব আজও আমরা মেলাতে পারলাম না? সুমনের গানে আয়-ব্যয় একাকার হয় জীবনের অনিশ্চয়তায়। ভারতচন্দ্রের কাব্যে সেই হিসাবের গোলমাল খুলে দেয় ভারতীয় ধর্মবিশ্বাসের কয়েক শতাব্দীর ইতিহাস।
অন্নদামঙ্গল কাব্যের ‘পীঠমালা’ অংশে প্রয়াগের বর্ণনা দিতে গিয়ে ভারতচন্দ্র লিখেছিলেন, ‘প্রয়াগেতে দুহাতের অঙ্গুলী সরস। তাহাতে ভৈরব দশ মহাবিদ্যা দশ॥’
তারপর কবির পীঠগণনার ক্রমিক সংখ্যা চব্বিশ থেকে এক লাফে তেত্রিশে পৌঁছে যায়। একই স্থানে দশটি পীঠের গণনা করেন। শেষ পর্যন্ত একান্ন সংখ্যা পূর্ণ হয়, কিন্তু পৃথক স্থানের সংখ্যা দাঁড়ায় বিয়াল্লিশ। অর্থাৎ ন’টি স্থান হারিয়ে যায়নি। প্রয়াগে দশটি পীঠ গণনার ফলেই মোট পীঠসংখ্যা ও পৃথক স্থানের সংখ্যার মধ্যে এই ব্যবধান তৈরি হয়েছে।
কালীঘাটের প্রসঙ্গেও ভারতচন্দ্র লিখেছিলেন, ‘কালীঘাটে চারিটি অঙ্গুলী ডানি পার। নকুলেশ ভৈরব কালিকা দেবী তার॥’
পীঠ-পরিচয়ের মূল কাঠামোই এই জোড়: প্রতিটি পীঠে দেবীর সঙ্গে অধিষ্ঠিত থাকেন শিবের এক রূপ, ভৈরব। কালীঘাটে দেবী কালিকা, ভৈরব নকুলেশ।
এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রবেশ করতে হয় পুরাণ, তন্ত্র, ইতিহাস, সমাজতত্ত্ব এবং মানবীয় স্মৃতির গভীরে।
দক্ষযজ্ঞের পরিচিত কাহিনিতে আমরা দেখি, সতী যজ্ঞস্থলে প্রাণত্যাগ করার পর শিব মৃত স্ত্রীর দেহ কাঁধে নিয়ে ত্রিভুবন ঘোরেন। বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষার্থে বিষ্ণু সুদর্শন চক্র বা বাণের সাহায্যে সতীর দেহ খণ্ডিত করেন। যেখানে যে অঙ্গ পড়ে, সেখানেই জন্ম নেয় শক্তিপীঠগুলি।
কিন্তু মহাভারত ও বিভিন্ন পুরাণের পাঠ মিলিয়ে পড়লে আমরা দেখব, দক্ষযজ্ঞ এবং নির্দিষ্ট সংখ্যক পীঠ সৃষ্টির কাহিনি একই সময়ে বর্তমান রূপ পায়নি। মহাভারতের শান্তিপর্বে দক্ষযজ্ঞ ধ্বংসের বিবরণ থাকলেও সেখানে সতীর আত্মাহুতির কথাই নেই। প্রাচীন আখ্যানগুলিতে শিবের অপমান ও যজ্ঞের বিনাশের বিবরণ থাকলেও পরবর্তী শাক্তপুরাণ ও তন্ত্রসাহিত্য সতীর আত্মত্যাগ এবং দেহখণ্ডের সঙ্গে বিস্তৃত পীঠতালিকা যুক্ত করে।
ঐতিহাসিকরা এখানে দুটি প্রশ্ন তোলেন: কোন মন্দির কতটা প্রাচীন? আর সেই স্থানকে সতীর অঙ্গপতনের ক্ষেত্র বলে মানুষ কবে থেকে চিনতে শুরু করল? মন্দিরের প্রতিষ্ঠাকাল আর তার সতীপীঠ পরিচয়ের প্রতিষ্ঠাকাল সম্পূর্ণ আলাদা।
১৯৫৭ সালে জার্মান ভাষায় প্রথম প্রকাশিত (ইংরেজি অনুবাদ The Sacred and the Profane, ১৯৫৯) গ্রন্থে মির্চা এলিয়াদে লিখেছিলেন: “The manifestation of the sacred ontologically founds the world.” অর্থাৎ পবিত্রের প্রকাশ মানুষের ধর্মীয় অভিজ্ঞতায় একটি জগতের অস্তিত্বগত ভিত্তি তৈরি করে।
এলিয়াদের মতে, ধর্মবিশ্বাসী মানুষ সব স্থানকে সমান গুরুত্ব দেন না। বিশেষ কোনও বিশ্বাসের কারণে একটি সাধারণ শিলাখণ্ড বা নদী পবিত্র কেন্দ্র হয়ে ওঠে। শিবের ব্যক্তিগত শোক থেকে সতীপীঠের কাহিনি এভাবেই আমাদের মধ্যে একটি বিস্তৃত পবিত্র ভূগোল বা বৃহত্তর ধর্মীয় ভৌগোলিক মানচিত্র তৈরি করেছে।
প্রাচীন তান্ত্রিক পরম্পরায় প্রধান পীঠের সংখ্যা সর্বত্র একান্ন ছিল না। আনুমানিক অষ্টম শতকের বৌদ্ধ হেবজ্রতন্ত্রে জালন্ধর, উড্ডীয়ান, পূর্ণগিরি ও কামরূপ—এই চার প্রধান পীঠের কথা বলা হয়েছে। কালিকাপুরাণে অঙ্গপতনের প্রসঙ্গে দেবীকূট, উড্ডীয়ান, কামগিরি, কামরূপ, জালন্ধর ও পূর্ণগিরির মতো স্থানের নাম পাওয়া যায়। সেখানে কামরূপ অঞ্চলের একাধিক স্থানকে পৃথকভাবে গণনা করা হয়েছে। কালক্রমে আট, আঠারো, বিয়াল্লিশ এবং একান্ন সংখ্যক পীঠের তালিকা এসেছে। কুব্জিকাতন্ত্রে বিয়াল্লিশ পীঠের উল্লেখ আমরা দেখতে পাই। ইতিহাসবিদ দীনেশচন্দ্র সরকার তাঁর ১৯৪৮ সালে প্রকাশিত গবেষণাগ্রন্থ The Śākta Pīṭhas-এ দেখিয়েছেন, ‘পীঠনির্ণয়’ বা ‘মহাপীঠনিরূপণ’-এর পাণ্ডুলিপিতেও নাম ও সংখ্যার যথেষ্ট অসংগতি রয়েছে।
দেবীভাগবত পুরাণের সপ্তম স্কন্ধের ত্রিশতম অধ্যায়ে ব্যাসদেব জনমেজয়কে একশো আটটি দেবীপীঠের পরিচয় দেন। পঞ্চান্নতম শ্লোকে পুরাণকার লিখেছেন, ‘বারাণস্যাং বিশালাক্ষী গৌরীমুখনিবাসিনী। ক্ষেত্রে বৈ নৈমিষারণ্যে প্রোক্তা সা লিঙ্গধারিণী॥’
অর্থাৎ বারাণসীতে দেবী বিশালাক্ষী এবং নৈমিষারণ্যে তিনি লিঙ্গধারিণী নামে পরিচিত। আবার পঁচাশিতম শ্লোকে তিনি বলেন, ‘সতীদেব্যঙ্গভূতানি পীঠানি কথিতানি চ। অন্যান্যপি প্রসঙ্গেন যানি মুখ্যানি ভূতলে॥’
অর্থাৎ সতীদেবীর অঙ্গ থেকে উৎপন্ন পীঠের পাশাপাশি পৃথিবীর অন্যান্য প্রধান পবিত্র স্থানগুলিও প্রসঙ্গক্রমে এর অন্তর্ভুক্ত।
এই শ্লোক থেকে স্পষ্ট হয় যে, একশো আটটি পীঠের প্রতিটির জন্য সতীর শরীরের পৃথক অঙ্গ কল্পনা করার প্রয়োজন পড়ে না।
তাহলে বাহান্ন বা চুয়ান্নের হিসাব এল কোথা থেকে? দীনেশচন্দ্র সরকার দেখিয়েছেন, বাংলার কোনও কোনও অঞ্চলে বাহান্ন পীঠের ঐতিহ্য প্রচলিত ছিল। বৃহন্নীলতন্ত্রের পীঠতালিকা এবং ‘পীঠনির্ণয়’-এর বিভিন্ন পাণ্ডুলিপিতে নাম ও সংখ্যার তারতম্যের মধ্যেও এই ঐতিহ্যের সূত্র পাওয়া যায়। কোথাও পীঠের নাম সংযোজিত হয়েছে, কোথাও একই অঞ্চলের একাধিক পীঠ গণনা করা হয়েছে। ফলে বাহান্ন সংখ্যার উৎপত্তিকে কেবল পাণ্ডুলিপি নকলের ভুল বলে ব্যাখ্যা করা যায় না।
জুরিখ বিশ্ববিদ্যালয়ের গবেষক ফ্রিডেরিকে গ্রেনারের ২০২৬ সালে প্রকাশিত Śakti-Pīṭhas: The Sacred Sites of the Goddess in India গবেষণায় ১৬৯ জন সাক্ষাৎকারদাতার বক্তব্য বিশ্লেষণ করেন। তাতে তিনি দেখেন, ১৪১ জন, অর্থাৎ ৮৩.৪৩ শতাংশ মানুষ শক্তিপীঠের সংখ্যা হিসেবে একান্ন বা বাহান্নটির কথা উল্লেখ করেছেন। চুয়ান্ন সংখ্যাটিও মানুষের ধারণায় উপস্থিত থাকলেও তাকে একক আদি ও সর্বজনস্বীকৃত শাস্ত্রসম্মত সংখ্যা হিসেবে প্রতিষ্ঠা করার মতো নির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। বিভিন্ন পীঠতালিকা, লোকস্মৃতি ও আঞ্চলিক ঐতিহ্যে সংখ্যার তারতম্য ঘটেছে। কিন্তু চুয়ান্ন সংখ্যাটির একটিমাত্র নির্দিষ্ট উৎস চিহ্নিত করা কঠিন।
সুতরাং আমাদের মনে এই প্রশ্ন আসা স্বাভাবিক যে, শক্তিপীঠের যে মানচিত্র আমরা সাধারণত দেখি, সেখানে বীরভূমের কঙ্কালীতলা, পূর্ব বর্ধমানের যোগাদ্যা কিংবা কালীঘাটের মতো বহু পীঠ রয়েছে। লোকবিশ্বাসে পীঠ বলে পূজিত তারাপীঠও রয়েছে। তাহলে এই স্থানগুলি প্রতিষ্ঠিত হলো কীভাবে? কঙ্কালীতলার ক্ষেত্রেও প্রাচীন পীঠতালিকার কাঞ্চীদেশকে বীরভূমের এই স্থানের সঙ্গে শনাক্ত করা নিয়ে ঐতিহাসিকদের মতভেদ রয়েছে। ফলে কোনও স্থানের প্রচলিত পীঠপরিচয় এবং তার প্রাচীন শাস্ত্রীয় পরিচয়কে এক করে দেখলে চলবে না।
ফরাসি দার্শনিক অঁরি লেফেভ্র তাঁর La Production de l’espace (১৯৭৪) গ্রন্থে লিখেছিলেন: “(Social) space is a (social) product.” অর্থাৎ সামাজিক পরিসর সমাজেরই তৈরি।
লেফেভ্রের এই তত্ত্বকে সামনে এনে বিশ্লেষণ করলে আমাদের বলতে হয়, কেবল দেবীর প্রতিমা বা মন্দিরের স্থাপত্য দেখলে চলবে না; তার জমি, অর্থ, শ্রম, পুরোহিত নিয়োগ, জমিদারদের পৃষ্ঠপোষকতা এবং ক্ষমতার বিন্যাসকেও বিশ্লেষণ করতে হবে। এই কারণে ইতিহাসবিদ বিহানি সরকার তাঁর Heroic Śāktism (২০১৭) গ্রন্থে দেখিয়েছেন, কীভাবে শাসকেরা দুর্গার উপাসনাকে বিজয় ও ক্ষমতার ধারণার সঙ্গে যুক্ত করেছেন।
ক্ষীরগ্রামের যোগাদ্যা মন্দিরের ইতিহাসের সঙ্গে বর্ধমান রাজপরিবারের পৃষ্ঠপোষকতা জড়িত। প্রচলিত মতে, রাজা কীর্তিচন্দ্রের সময় মন্দিরের সংস্কার হয়েছিল। অন্যদিকে, দেবীর ভাঙা প্রাচীন মূর্তির বদলে দাঁইহাটের ভাস্কর নবীন ভাস্করের গড়া নতুন মূর্তির ব্যয় বর্ধমানের মহারাজা বহন করেছিলেন বলেও স্থানীয় ঐতিহ্যে উল্লেখ রয়েছে। তবে কীর্তিচন্দ্রের সময়কাল এবং নবীন ভাস্করের মূর্তি নির্মাণের ঘটনাকে এক সময়ের বলে ধরা যায় না। পৃষ্ঠপোষকতার এই ইতিহাসের পাশাপাশি দেবীর সাহিত্যিক ও তান্ত্রিক শিকড় আরও প্রাচীন।
ফরাসি ইতিহাসবিদ পিয়ের নোরা তাঁর Between Memory and History (১৯৮৯; মূল ফরাসি প্রবন্ধ ১৯৮৪) প্রবন্ধে লিখেছিলেন: “Memory attaches itself to sites, whereas history attaches itself to events.” অর্থাৎ স্মৃতি স্থানকে আঁকড়ে ধরে, ইতিহাস ঘটনার সূত্র অনুসন্ধান করে।
গ্রামের মানুষ প্রজন্মান্তর ধরে বিশ্বাস করেন, তাঁদের মন্দিরে সতীর অঙ্গ পড়েছে। কিন্তু ইতিহাসবিদের প্রধান কাজ সত্যিটাকে খুঁজে বার করা, যাকে বলে in search of truth। এক্ষেত্রে প্রত্নতাত্ত্বিকভাবে সতীর অঙ্গ খুঁজে বার করে পীঠের স্থান চিহ্নিত করা প্রায় অসম্ভব। তাই ইতিহাসবিদরা লোক বিশ্বাসের পাশাপাশি লিখিত দলিল, পাণ্ডুলিপি, শিলালিপি, ভূমিদানের নথি এবং মন্দিরের স্থাপত্য পরীক্ষা করেন। লোকবিশ্বাস কোনও স্থানের ধর্মীয় পরিচয় ও সামাজিক স্মৃতির সাক্ষ্য দেয়। কিন্তু সেই বিশ্বাস সতীর অঙ্গপতনের বাস্তব ঘটনা প্রমাণ করে না। ইতিহাসবিদ অনুসন্ধান করেন, মানুষ কবে থেকে সেই স্থানকে পীঠ বলে চিনতে শুরু করলেন, কারা মন্দির নির্মাণ করলেন, কারা জমি দিলেন, কারা পুজোর ব্যয় বহন করলেন এবং কীভাবে একটি স্থান বৃহত্তর ধর্মীয় মানচিত্রে জায়গা পেল।
এছাড়া আধুনিক রাষ্ট্রসীমার সঙ্গে এই পবিত্র ধর্মীয় ভূগোল মেলানো কঠিন। হিংলাজ আজ পাকিস্তানে; সুগন্ধা, যশোরেশ্বরী, চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড় ও শ্রীহট্ট বাংলাদেশের ভূখণ্ডে। ১৯৪৭ সালের রাজনৈতিক দেশভাগের বহু আগেই এই ধর্মীয় ভূগোল তৈরি হয়েছিল।
অন্নদামঙ্গল-এর ‘পীঠমালা’ অংশের শেষে কবি শিবের করুণ শোকের বর্ণনা দিয়ে লিখেছিলেন, ‘শূন্য শির দেখি শিব হৈলা চিন্তাবান। হিমালয় পর্ব্বতে বসিলা করি ধ্যান॥’
সতীর দেহের বিচ্ছেদের পর শিব হিমালয়ে গিয়ে ধ্যানে বসেন। তাঁর কাছে দেহ নেই, কিন্তু স্মৃতি থেকে যায়। একান্ন, চুয়ান্ন বা একশো আট—এই সমস্ত সংখ্যার হিসাব শাস্ত্রীয় ও ঐতিহাসিক দিক থেকে ভিন্ন হতে পারে।
কিন্তু শ্রীশ্রীচণ্ডীর (দেবীমাহাত্ম্য) দশম অধ্যায়ে শুম্ভের অভিযোগের উত্তরে দেবী ঘোষণা করেন, ‘একৈবাহং জগত্যত্র দ্বিতীয়া কা মমাপরা। পশ্যৈতা দুষ্ট ময়্যেব বিশন্ত্যো মদ্বিভূতয়ঃ॥’
অর্থাৎ, এই জগতে আমিই একমাত্র। আমাকে ছাড়া দ্বিতীয় আর কে আছে? ওরে দুষ্ট, দেখ, এই দেবীরূপগুলি আমারই শক্তির প্রকাশ; তারা আবার আমার মধ্যেই ফিরে যাচ্ছে।
শাক্তদর্শন পরম শক্তির কথা বলে। ইতিহাস বহু দেবী স্থানকে একটি সাধারণ ধর্মীয় পরিচয়ে যুক্ত করার মানবিক ও সামাজিক প্রক্রিয়া কে ব্যাখ্যা করে। শাক্তদর্শনের দৃষ্টিতে, মানুষ দেবীর দেহের টুকরো গুনতে গিয়ে শেষ পর্যন্ত আবিষ্কার করে— শক্তিকে কখনও টুকরো করা যায় না। পুরাণ সতীর দেহকে ভূখণ্ডে ছড়িয়ে দেয়, আর মানুষের ধর্মীয় কল্পনা সেই বিচ্ছিন্ন অংশগুলির মধ্যে একটি অখণ্ড শক্তির শাশ্বত পরিচয় খুঁজে পায়।